ইউটিউবে আসছে কমিউনিটি নোটস ফিচার

১২ আগষ্ট, ২০২৪ ১৪:৫৮  

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের প্ল্যাটফর্মটিতে মিথ্যা ও ভুল তথ্য সংশোধন করতে নতুন ফিচার উন্মোচন করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) কমিউনিটি নোটস নামে এমন একটি সুবিধা রয়েছে। খবর টেক টাইমস।

খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বলছে, ইন্টারনেটে অনেক ভুল ও বিভ্রান্তিকর তথ্য থাকে, আর তাই বিভিন্ন প্লাটফর্ম থেকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

গুগল জানায়, তারা জুনে ফিচারটি আসার কথা ঘোষণা করেছিল। গুগলনাইনটুফাইভ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব যুক্তরাষ্ট্রে কিছু বেটা টেস্টারদের মধ্যে ফিচারটি পরীক্ষা করছে।

ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীরা ভুল বা অস্পষ্ট ভিডিওগুলো সংশোধন বা স্পষ্ট করার জন্য নোট জমা দিতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের ভিডিওর নিচে ‘অতিরিক্ত সহায়ক তথ্য’ যুক্ত করতে হবে। নোট জমা দেয়ার পর এটি পর্যালোচনা করা হবে ও অন্যান্য ব্যবহারকারীদের দ্বারাও রেট করা হতে পারে।

নতুন এ সুবিধায় প্রতিটি ভিডিওতে নোটস নামে আলাদা একটি বিভাগ দেখা যাবে। সেখানে ‘হেল্পফুল’ ও ‘আনহেল্পফুল’ নামের দুটি অংশে ভিডিও সম্পর্কে ভালো বা খারাপ মন্তব্য লেখা যাবে। এর ফলে দেখার আগেই ভিডিও সম্পর্কে আগাম ধারণা নিতে পারবেন অন্য ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ভিডিওতে থাকা বিভিন্ন পণ্যের রিভিউ লিখিত আকারে পড়া যাবে। ফলে ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানতে পারবেন দর্শকেরা।

ডিবিটেক/বিএমটি